একাত্তর বাংলাঃ নারায়ণগঞ্জে তিন নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের মামলায় প্রধান আসামি ইউপি সদস্য ইউসুফ হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে, জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফাহমিদা আক্তার এ আদেশ দেন।
এরআগে, ইউসুফকে আদালতে হাজির কোরে তিনদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে, স্থানীয় ইউপি সদস্য ইউসুফের সহায়তায় ফাতেমা বেগমের বাড়িতে হামলা চালায় জীবন ও তার সহযোগীরা। এক পর্যায়ে ফাতেমাসহ তার আত্মীয় আসমা ও বানু বেগমকে যৌনকর্মী আখ্যা দিয়ে গাছের সঙ্গে বেঁধে পাশবিক নির্যাতন চালানো হয়।
এ ঘটনায়, সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নির্যাতিত ফাতেমা বেগম বাদী হয়ে ১১ জনকে আসামি করে বন্দর থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে ইউপি সদস্য ইউসুফকে গ্রেফতার করে পুলিশ।

