একাত্তর বাংলাঃ কিশোরগঞ্জে যুবলীগ নেতা মনি হত্যা মামলার আসামি রকিবকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, মনি হত্যা মামলার পলাতক কয়েকজন আসামি সদর উপজেলার পুলেরহাট এলাকায় অবস্থান করছে এমন খবরে শুক্রবার (১ মার্চ) ভোরে অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে তারা। পুলিশও পাল্টা গুলি করলে বাকীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় রকিবকে গ্রেফতার করা হয়।
গত ২৫ জানুয়ারি চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে শহরের রথখোলা এলাকায় জেলা যুবলীগ নেতা মনিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১২ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক বলেন, ঘটনাস্থলে একজন পলাতক আসামিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে জানতে পারি তার নাম রকিব, সে হত্যা মামলার চার নম্বর আসামি।

