একাত্তর বাংলাঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস প্রার্থী) আসিফুর রহমান তার প্রার্থিতা পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) আবেদন নিয়ে উপাচার্যের কার্যালয়ে যান আসিফুর রহমান।
আসিফুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি।
বুধবার (২৭ ফেব্রুয়ারি) বৈধ প্রার্থীদের তালিকা ডাকসুর ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রার্থী তালিকা প্রকাশ করার পর এতে অনেক অনিয়মের অভিযোগ ওঠে।
আপিল করার পর আসিফুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, ‘বুধবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মধুর ক্যান্টিনে ডাকসুর জিএস পদে আমার প্রার্থিতা ঘোষণার সময় আমি বলেছিলাম, প্রশাসন একটি নীলনকশার নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। রাতেই তার ফলাফল পেলাম। কোনো কারণ ছাড়াই জিএস পদে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তারা বলেছে, ‘তথ্যে অসম্পূর্ণতা’র কথা। অথচ আমি সব তথ্যই দিয়েছিলাম মনোনয়নপত্রে।’
তিনি বলেন, ‘উপাচার্য আমার প্রার্থিতার বিষয়টি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি যদি প্রার্থিতা ফিরে না পাই তবে আমি উচ্চ আদালতে যাবো।’
এর আগে বুধবার (২৭ ফেব্রুয়ারি) আসিফুর রহমান মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।

