একাত্তর বাংলাঃ নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের ৬ষ্ঠ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে সংবিধান এবং সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় কাদিরাবাদ সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান সেনাপ্রধান। পরে পুনর্মিলনী উপলক্ষ্যে আয়োজিত মনোজ্ঞ প্যারেড পরিদর্শন করেন তিনি। এরপর অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজে অংশ নেয়া কন্টিনজেন্টগুলোর সালাম গ্রহণ করেন।
পরে বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে সার্বিক উন্নয়ন পরিকল্পনায় সেনাবাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার।
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের লক্ষ্য দারিদ্র্যের হার আমরা ১৪ থেকে ১৫ ভাগের মধ্যে নামিয়ে আনবো। যাতে বাংলাদেশকে আর দরিদ্র দেশ বলে কেউ অবহেলা করতে না পারে, করুণা করতে না পারে। আমাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।’
তিনি আরও বলেন, ‘আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকতে হবে। দেশে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে। আমরা দেশের মানুষের শান্তি, নিরাপত্তা নিশ্চিত করতে চাই। দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারা অব্যাহত রাখার পাশাপাশি আধুনিক, উন্নত ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।’

