একাত্তর বাংলাঃ উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তৈরি পোশাক শিল্পে রোবটিক প্রযুক্তির ব্যবহার বাড়লে এ খাত থেকে ২০ লাখ লোকের কর্মসংস্থান কমে যাওয়ার আশঙ্কা করছেন প্রযুক্তিবিদরা।
বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চারদিনব্যাপী বেসিস সফটএক্সপো’র উপলক্ষে আয়োজিত সেমিনারে তারা এ আশঙ্কার কথা জানান। বক্তারা বলেন, শিল্পকে অটমেশনে রূপান্তর এখন সময়ের দাবি। কারণ এর মাধ্যমে উৎপাদন ক্ষমতা যেমন কয়েক গুণ বেড়ে যাবে তেমনি কাজের সুযোগ তৈরি হবে প্রযুক্তিতে দক্ষতাসম্পন্ন লোকের। ফলে নতুন কর্মক্ষেত্র তৈরির চ্যালেঞ্জ মোকাবিলায় তরুনদের প্রযুক্তি খাতের উদ্যোক্তা হওয়ার পরামর্শ তাদের। তবে সরকারি-বেসরকারি সহযোগীতার মাধ্যমেই সেটির বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন বক্তারা।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লামিয়া ইফতেখার বলেন, ‘কর্মক্ষেত্র সীমিত হওয়ায় প্রযুক্তিজ্ঞান সম্পন্ন শিক্ষার্থীরা চাইলেই চাকরিতে ঢুকে পড়তে পারছে না। এক্ষেত্রে ভালো বিকল্প হতে পারে প্রযুক্তিখাতের উদ্যোক্তা হওয়া। এজন্য তাদের অর্থায়নের পাশাপাশি উপযুক্ত পরিবেশ গড়ে দিতে সরকারি ও বেসরকারি- উভয় খাতকেই ভূমিকা রাখতে হবে।’
ডাটা সফট লিমিটেডের মহাপরিচালক মাহবুব জামান বলেন, ‘রোটিকসের ফলে এত চাকরি যাচ্ছে আবার এটার ফলে অনেক এফিশিয়েন্সি বাড়ছে। অনেক নতুন জব কিয়েট হচ্ছে। আবার পুরো দেশটাকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হচ্ছে।’

