একাত্তর বাংলাঃ সরকার কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে হস্তক্ষেপ করছে না বলেই, সব দল মিছিল মিটিংসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি চালাতে পারছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার সকালে টাঙ্গাইল জেলা কারাগারে বন্দিদের মোবাইল সেবা প্রকল্পের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।
এসময় স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন করে বলেন, ‘রাজনীতির অধিকার যদি না দেয়া হয়, তাহলে তারা কর্মসূচি পালন করছে কিভাবে? আমার জানা মতে কালকেও তারা ইনডোরে একটা মিটিং করতে যাচ্ছে। তারা প্রেস রিলিজ দিচ্ছে কিভাবে? প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছে কিভাবে?
আমরা মাঝে মাঝে নিরাপত্তার জন্য বলি আজকের মিটিংটা কালকে করেন। এই জায়গায় না করে আরেক জায়গায় করেন। এটাই আমরা বলি, এর বেশি কিছু আমরা বলি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি গণতন্ত্রের অধিকার সবার রয়েছে। সবাই যদি শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক অবস্থানে তাদের কর্মসূচি করে থাকেন তাহলে আমরাও শান্তিতে থাকি।
শুধু বিএনপি নয়, সব দল তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাবে এটাই স্বাধীন দেশের চাওয়া। বিএনপি কিংবা জাতীয় পার্টি কোনো দলকে শান্তিপূর্ণ আন্দোলনে সরকার বাধা দিচ্ছে না।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যখন কারাণীগঞ্জে জেলখানাটি উদ্বোধন করছিলেন তখন বলেছিলেন, একটা সিস্টেম করলে কেমন হয়। সেটা হলো যারা জেলখানার মধ্যে আছেন পরিবারের সঙ্গে কথা বলার ব্যবস্থা করা যায় কিনা। তাঁরই সেই দিকনির্দেশনা ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন হলো। চারজন কারাবাসী আজ তাদের স্বজনের সঙ্গে কথা বলেছেন। চারজন কারাবাসী যখন স্বজনদের সঙ্গে কথা বলছিলো তখন সেখানে আমি উপস্থিত ছিলাম। তাদের মুখচ্ছবি ও কথাবার্তা আমরা অনুভব করেছি তারা এই দিনটির অপেক্ষায় ছিলো।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যে শুধু কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি তা নয়। বরং আমাদের সরকার কারাগারের ভিতরেও সংস্কারে হাত দিয়েছেন। কারাবন্দীদের আরো সুযোগ সুবিধা দেওয়ার প্রচেষ্টা আমরা করে যাচ্ছি। আমাদের আইজিপি, প্রিজন আইজিপি বিশ্বের বিভিন্ন জেলখানা ঘুরে বেড়াচ্ছেন, শুধু আমাদের জেলখানার সুন্দর সংস্কার করার জন্য।’
তিনি বলেন, ‘আমাদের কারাগারে সংশোধনের ব্যবস্থা রয়েছে। ট্রেনিংয়ে ব্যবস্থা আছে। যে যেটা পারে তাকে সেখানেই ব্যবস্থা করে দিচ্ছি। কারণ তারা যখন জেলখানা থেকে ফিরে যেন সুন্দর জীবন কাটাতে পারে সেই ব্যবস্থায় করছি। কারাগার একটা সংশোধনাগার।’

