একাত্তর বাংলাঃ আজ থেকে ময়মনসিংহে শুরু হচ্ছে বিপিএলের দশম রাউন্ড। বিগ ম্যাচে মুখোমুখি হবে ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিং ক্লাব।
ময়মনসিংহের রফিকউদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে, ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিকেল চারটায় শেখ জামালের বিপক্ষে লড়বে চট্টগ্রাম আবাহনী।
এদিকে, নোয়াখালীতে বিকেল ৩টায় মোহামেডানে প্রতিপক্ষ নোফেল স্পোর্টিং ক্লাব।
রফিক উদ্দীন ভুঁইয়া স্টেডিয়ামে শিষ্যদের নিয়ে নিবিড় মনোযোগে অনুশীলনে ব্যস্ত মারিও লেমস। দায়িত্ব নেয়ার পর থেকেই দলের চেহারায় এসেছে আমূল পরিবর্তন। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। এক পয়েন্ট এগিয়ে বসুন্ধরা। শেষ ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে আছে তাদের।
যদিও ঢাকার মাঠে আবাহনী অপ্রতিরোধ্য হলেও, ঢাকার বাইরে এখনও সেভাবে জ্বলে উঠতে পারেনি লেমস শিষ্যরা। তাই ময়মনসিংহে সাইফের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছাড়তে চান কোচ। ওয়ালী, জুয়েল, রায়হানদের সঙ্গে বিদেশিদের কাঁদে ভর করেই সাইফকে হারাতে চান আবাহনী কোচ।
আরেক ম্যাচে ঢাকায়, চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে লড়বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে তারা ।
লিগের শুরুটা বাজে হলেও ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছে শেখ জামাল। শেষ ম্যাচে সাইফের কাছে হেরে আবারো আত্মবিশ্বাস হারিয়েছে ধানমন্ডি দলটি।
সময়টা ভাল কাটছেনা চট্টগ্রাম আবাহনীরও। দশ পয়েন্ট নিয়ে আট নম্বরে আছে মিন্টুর শীষ্যরা। তাই জয় পেতে শেখ জামালকে চেপে ধরবে তারাও।
এদিকে, নোয়াখালিতে নোফেল স্পোর্টিংয়ের বিপক্ষে লড়বে মোহামেডান। আট ম্যাচে মাত্র ৫ পয়েন্ট সাদা কালোদের। কোচসহ নানা সমস্যায় বড্ড দু:সময় যাচ্ছে মোহামেডানের। তাই নোফেলের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্বের সাথেই এই দেখছে ঐতিহ্যবাহী ক্লাবটি।
ময়মনসিংহের স্টেডিয়ামে গ্যালারী শূন্য থাকলেও আজ থেকে দর্শক পরিপূর্ন থাকবে বলে জানালেন এক ক্লাব কর্মকর্তা।
তিনি জানালেন নানামুখী ঝামেলায় পড়ে লীগ ম্যাচ আয়োজনের প্রচারে খানিকটা ক্ষিপ্রতা কম ছিলো। যদিও তিনি আশাবাদী আজ থেকে ভাল ফুটবল ম্যাচ দেখতে মাঠে প্রচুর দর্শকের সমাগম হবে।

