একাত্তর বাংলাঃ নেত্রকোনার কলমাকান্দায় ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি আব্দুল মান্নানকে (৪৮) গ্রেপ্তার করছে পুলিশ।
বুধবার (২১ মার্চ) সকালে উপজেলার পোগলা ইউনিয়নের সারারকোনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওসি একেএম মিজানুর রহমানের নেতৃত্বে এসআই মো. আক্রাম হোসেন, মো. নজরুল ইসলাম, সুজাউদ্দোল্লাহ ও এএসআই আব্দুল কাইয়ুমসহ পুলিশের একটি দল উপজেলার পোগলা ইউনিয়নের সারারকোনা গ্রামের নিজ বাড়ি থেকে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পলাতক আসামি আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে। পরে ওইদিনই আবদুল মান্নানকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নে হাপানিয়া গ্রামে রুস্তম আলীর মেয়ে হেলেনাকে ধর্ষণের পর টুকরো টুকরো করে কেটে নির্মমভাবে হত্যা করে আবদুল মান্নান।
এ ঘটনায় রুস্তুম আলী বাদী হয়ে কলমাকান্দা থানায় মামলা দায়ের করেন।
আসামি আবদুল মান্নানের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নেত্রকোনার বিজ্ঞ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল আদালত ২০০২ সালের ৮ মে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

