একাত্তর বাংলাঃ সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এসময় ৫ জন দালালকে আটক করা হয়। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের মহেশখালীপাড়া ও মাঠপাড়া থেকে এদের উদ্ধার এবং আটক করা হয়।
আটক দালালরা হলেন, মোঃ মনির (২৭), মোঃ নুরুল আবছার (৩৫), মোঃ ইউনুস (৩২), মোঃ আমিন, মোঃ মুন্না (৩৫)।
টেকনাফের বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী জানান, টেকনাফ সীমান্তের নাফনদী দিয়ে দুটি মানবপাচার চক্রের সদস্যরা মহেশখালীপাড়া ও মাঠপাড়া দিয়ে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য লোক জড়ো করে।
এমন সংবাদের ভিত্তিতে বিজিবির টহলদল সকাল ৬ টায় মহেশখালীপাড়ায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একজন দালালকে আটক ও ৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। এরপর সকাল সাড়ে ৭টায় মাঠপাড়া অভিযান চালিয়ে ৪ জন দালালকে আটক ও ২ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার রোহিঙ্গাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছে।
উদ্ধার হওয়ার রোহিঙ্গাদের বরাত দিয়ে বিজিবির অধিনায়ক আরও জানান, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে বসবাস করে এবং দালালদেরকে মোটা অংকের টাকা দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় যাওয়ার চেষ্টা করছিল।
এছাড়াও মানব পাচারের সাথে জড়িত সন্দেহভাজন দালালদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

