একাত্তর বাংলা রিপোর্টঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা ও মহানগর কমিটিতে থাকা ৫ নেতা ছাত্রদলে যোগ দিয়েছে। এ সময় ফুলের মালা পড়িয়ে তাদেরকে বরণ করে ছাত্রদল। গতকাল রাত ৯টার দিকে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে মহানগর ছাত্রদলের এক সভায় এই যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্রদলে যোগ দেওয়া ৫ নেতা হলেন- বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা শাখার সংগঠক কাউসার হাসান, মহানগর কমিটির সহ-মুখপাত্র রিশাদুল আলম, সদস্য ফারদিন আলম, নামি আহমেদ ও বাঁধন রহমান।
বৈষম্যবিরোধী আন্দোলনের মহানগর কমিটির সাবেক সহ-মুখপাত্র রিশাদুল আলম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে জুলাই অভ্যুত্থানসহ সব গণতান্ত্রিক আন্দোলনে জাতীয়তাবাদী শক্তির আদর্শে অনুপ্রাণিত হয়ে লড়াই করেছি। আমরা ভবিষ্যতেও মেধাভিত্তিক, তারুণ্যনির্ভর একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সক্রিয়ভাবে কাজ করে যাব।’
রিশাদুল এসময় বলেন, আমি আগে থেকেই জাতীয়তাবাদী আদর্শের সকল লড়াই সংগ্রামে অংশগ্রহণ করেছি। কিন্তু আমার অনিচ্ছা থাকা স্বত্ত্বেও আমাকেসহ অন্যদেরও বৈষম্যবিরোধী আন্দোলনের কমিটিতে পদায়ন করা হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগ করে ছাত্রদলে যোগ দিয়েছি।
এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিসালাত ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন নবগঠিত ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়, সাধারণ সম্পাদক আল মো. রাফসান সামি প্রমুখ।
এবিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার আহ্বায়ক অলি উল্লাহ বলেন, ছাত্রদলে যোগ দেওয়ার খবর আমার জানা নেই। তবে কেউ যদি যোগ দিতে চান, তাহলে জোর করে আমাদের প্ল্যাটফর্মে রাখাও সম্ভব নয়।

