কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে যুবলীগ নেতা এ কে এম ইউসুফ মনির হত্যা ও তার ভাই পৌর কাউন্সিলর ইয়াকুব সুমনকে আহত করার প্রতিবাদে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার শহরের কালীবাড়ি মোড়ে এলাকায় সড়ক অবরোধ করে মানবন্ধন করে।
এতে কিশোরগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ি, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়রসহ পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারি এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। বক্তারা অবিলম্বে মনির হত্যার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
‘শান্তিপ্রিয় কিশোরগঞ্জবাসী’র ব্যানারে মানববন্ধনে বক্তারা বলেন, শতাধিক সন্ত্রাসী প্রকাশ্যে অস্ত্র নিয়ে ব্যবসায়ি ও যুবলীগ নেতা মনিরকে কুপিয়ে হতা করে। গুরুতর আহত তার ভাই পৌরসভার কাউন্সিলর ইয়াকুব সুমন এখনও হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে। চাঞ্চল্যকর এ মামলার প্রধান আসামিদের এখনও গ্রেফতার করতে পারেনি।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় শহরের রথখলা এলাকায় মাধবী প্লাজার সামনে শতাধিক সশস্ত্র সন্ত্রাসী যুবলীগ নেতা ইউসুফ মনিরকে কুপিয়ে হত্যা করে।
এ সময় তাদের হামলায় গুরুতর আহত হন, মনিরের ছোট ভাই কিশোরগঞ্জ পৌরসভার কাউন্সিলর ইয়াকুব সুমন। এ ঘটনায় মনিরের স্ত্রী বাদী হয়ে গত ২৭ জানুয়ারি কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

