একাত্তর বাংলাঃ বৃষ্টির ভোগান্তিতে পড়েছেন ইজতেমায় আসা মুসল্লিরা। টঙ্গীর তুরাগ তীরে প্রথম দফায় জোবায়ের পন্থিদের বিশ্ব ইজতেমা শেষের পর আজ ফজর নামাজের পর আম-বয়ানের মধ্য দিয়ে শুরু হয় সাদপন্থীদের ইজতেমা। আগামীকাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।
মুখে তাকবির ধ্বনি। বুকে ঈমানের বল। গন্তব্য টঙ্গীর তুরাগ নদের তীর। রোববার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়েই শুরু হয় বিশ্ব ইজতেমার সাদপন্থীদের কার্যক্রম।
তবে হঠাৎ করে বৃষ্টির কারণে কিছুটা সমস্যায় পড়তে হয় মুসল্লিদের। তবে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইজতেমায় আসা মুসুল্লিরা দুর্ভোগকে আমলে নিচ্ছেন না। তারা বলেন, এটা রহমতের বৃষ্টি।
নানা অনিশ্চয়তার পর সুষ্ঠুভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছেন ইজতেমায় আসা মুসুল্লিরা। সকল মুসলমানের জীবনে আল্লাহ সফলতা এনে দেবেন এই কামনা করেন তারা।
র্যাব জানায়, সরকারি সিদ্ধান্ত মোতাবেক সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় আখেরি মোনাজাতে শেষ হবে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। মাঠ পুরোপুরি খালি না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে।
এবারে ৬৪ জেলার মুসল্লিদের জন্য পুরো ময়দানকে ৮৪টি খিত্তায় ভাগ করা হয়েছে।

