একাত্তর বাংলাঃ ২০ ঘণ্টা ধরে গ্যাস পাচ্ছেন না চট্টগ্রামের বেশ কয়েকটি এলাকার মানুষ। সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন নগরবাসী। খাল খননের সময় গতকাল সন্ধ্যায় গ্যাসের পাইপলাইন কেটে যায়। সমস্যা সমাধানে এরই মধ্যে কাজ শুরু করেছে কর্ণফুলী গ্যাস কর্তৃপক্ষ।
গ্যাসের পাইপলাইন কাটা পড়ায় শনিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল থেকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ, হালিশহর ও বন্দর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। রোববার সকালে দুর্ভোগ আরো বাড়ে। নগরীর আসকার দিঘিরপাড় ও জামালখানসহ আরো বেশ কয়েকটি এলাকায় বাসাবাড়িতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করে। বন্ধ রয়েছে রান্না। এ অবস্থায় সিলিন্ডার কিনে রান্না কাজ করছেন কেউ কেউ। ভিড় দেখা গেছে রেস্তোরাগুলোতে।
শুধু বাসাবাড়ি নয়, প্রভাব পড়েছে নগরীর সিএনজি স্টেশনগুলোতেও। গ্যাস সরবরাহ না থাকায় সিএনজি ফিলিং স্টেশনে এসেও ফিরে যেতে হয় চালকদের। গ্যাস না পেয়ে সিএনজি চালাতে পারছেন না তাদের অনেকেই।
এদিকে, পাইপলাইন মেরামতে সকাল থেকে কাজ শুরু করেছে কর্ণফুলি গ্যাস কর্তৃপক্ষ। খুব শিগগিরই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দেয়া হয়েছে।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আনিস উদ্দিন আহমেদ জানান, পাইপ কেটে গিয়ে প্রচণ্ড বেগে গ্যাস বেরতে দেখে আমরা গ্যাস বন্ধ করে দিই।
শনিবার বিকেলে সিটি করপোরেশনের অধীনে খাল খনন করার সময় ইপিজেড এলাকায় গ্যাসের পাইপলাইন কাটা পড়ায় নগরীর কয়েক লাখ মানুষ চরম বিপাকে পড়েছেন।

