একাত্তর বাংলাঃ প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসগুলোর উদ্যোগে দেশে দেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি ঘিরে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ নানা আয়োজন করা হয়।
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশাল স্কুল অ্যান্ড কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে স্কুলের বাংলা ও ইংরেজি মাধ্যম প্রাঙ্গণে আলদাভাবে দিবসটি পালন করা হয়। জেদ্দা কনস্যুলেটের কাউন্সেলর আলতাফ হোসেন, প্রথম সচিব কে এম সালাহউদ্দিন, কাউন্সেলর মুজিবুর রহমানসহ স্কুল সংশ্লিষ্টরা এতে উপস্থিত ছিলেন।
কুয়েতে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) কুয়েত সিটির একটি রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কুয়েত কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম ওমর ফারুক। এছাড়া নানা আয়োজনের মধ্যদিয়ে সংযুক্ত আরব আমিরাতে দিবসটি পালন করা হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় দোয়া ও আলোচনা সভার আয়োজন করে দেশটির আওয়ামী লীগ শাখা। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মকবুল হোসেন মুকুল। সভায় বক্তারা একুশের চেতনায় উজ্জীবিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়তে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ দূতাবাস রিয়াদের উদ্যোগে সুদানের খার্তুমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। সুদানে বাংলাদেশ অনারারি কনস্যুলেটে বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে যাওয়া কর্মকর্তাদের ব্যাবস্থাপনায় এবং সুদান প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এ-অনুষ্ঠানের আয়োজন করা হয়।

