একাত্তর বাংলাঃ ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত হবে উল্লেখ করে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সকালে রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
এসময় যেকোনো প্রকল্প বাস্তবায়নে পরিবেশ সুরক্ষার ওপর সরকার জোর দিচ্ছে বলেও জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমরা স্কুল থেকে শুরু করেছি, সারা বাংলাদেশে এই আন্দোলন যে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিচ্ছি শেখ হাসিনার উদ্যোগে। আবার আমরা সাশ্রয়ও করছি।
এমনভাবে সাশ্রয় করবো যে, বিদ্যুৎ নিয়ে আমাদের যে প্ল্যান ২০২১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত এবং ৩১ সালে ৩০ হাজার মেগাওয়াট না করতে হয় তার জন্য আমাদের অঙ্গীকারাবদ্ধ হতে হবে।’
তিনি আরও বলেন, ‘সারা বছরে আমরা যে গ্যাস ব্যবহার করি, সেই গ্যাস সঞ্চয় করে দিয়ে ২০০ লোকের একটি কারখানা চালানো যায়। কিন্তু আমরা তো সারাদিন গ্যাস চালিয়ে রাখি, একটা ম্যাচের কাঠির জন্য। সঞ্চয় কিভাবে করবো?’

