একাত্তর বাংলাঃ স্বাধীন বাংলাদেশের প্রথম ক্রিকেট কোচ ও সাবেক ক্রিকেটার সৈয়দ আলতাফ হোসেন মারা গেছেন।
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।
বুধবার বাদ জোহর পুরান ঢাকার হোসনি দালান ইমামবাড়ায় মরহুমের নামাজে জানাজা শেষে বিকেলে তার মরদেহ জাতীয় ক্রীড়া পরিষদে নিয়ে যাওয়া হয়।
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বর্ষীয়ান এই ক্রিকেট ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯৩৮ সালে পশ্চিম বঙ্গের হুগলিতে জন্ম নেয়া আলতাফ হোসেন ১৯৮২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচেরও দায়িত্বে ছিলেন তিনি। দেশের ক্রিকেট উন্নয়নে অবদান রাখায় ১৯৯৯ সালে তিনি পান জাতীয় ক্রীড়া পুরস্কার। বাংলাদেশ থেকে পাকিস্তান টেস্ট স্কোয়াডে ডাক পাওয়া প্রথম ক্রিকেটার ছিলেন তিনি।
১৯৬৫ সালে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে পাকিস্তানের ঘোষিত ১৪ জনের স্কোয়াডে পেসার আলতাফ হোসেন জায়গা করে নিয়েছিলেন। ১৯৭০ সালে আলতাফ হোসেন পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ারের দায়িত্বও পালন করেন। স্বাধীনতা পরিবর্তী প্রথম কোচ হিসেবে বাংলাদেশ দলের দায়িত্ব পেয়েছিলেন তিনি।
লম্বা গড়নের এ ক্রিকেটার ছিলেন ডানহাতি ফাস্ট বোলার। এরপর হয়ে উঠেছেন অলরাউন্ডার। ব্যাটিং করতেন মিডল অর্ডারে।
বাংলাদেশের স্বাধীনতা লাভের পর নিজেকে কোচিংয়ের সাথে যুক্ত করেন তিনি। ১৯৭৬ থেকে ২০০১- দীর্ঘ ২৫ পছর জাতীয় ক্রীড়া পরিষদের কোচ হিসেবে কাজ করেছেন। জাতীয় ক্রীড়া পরিষদে প্রথম ক্রিকেট কোচ হিসেবে যোগ দিয়েছিলেন তিনি। তাই বাংলাদেশের ক্রিকেট কোচিংয়ের পথিকৃৎ বলা হয় তাকে।
পুরুষ জাতীয় দল ও প্রমীলা জাতীয় দল-দুই দলেরই কোচের দায়িত্ব পালন করেছেন। ‘এ’ দল ও বয়সভিত্তিক দলগুলোর কোচও ছিলেন। এছাড়া ঘরোয়া ক্রিকেটে সূর্যতরুণ, বাংলাদেশ বিমান, সিটি ক্লাব সহ বিভিন্ন ক্লাবের কোচ ছিলেন।

