একাত্তর বাংলাঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা ধরে অভিযান চালানোর পর হামলাকারীকে আটক করা হয়েছে। হামলাকারী ওই স্কুলেরই প্রাক্তন ছাত্র বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় দু:খ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় দুপুর। স্কুল ছুটির ঘণ্টার অপেক্ষায় যখন শিক্ষার্থীরা তখনই হঠাৎ গুলির শব্দে প্রকম্পিত হলো ফ্লোরিডার পার্কল্যান্ডের স্টোনম্যান ডগলাস হাই স্কুলে। বেজে ওঠে ফায়ার এলার্ম। তাৎক্ষণিকভাবে ছুটোছুটি শুরু করে শিক্ষক, শিক্ষার্থী সবাই। খবর পেয়ে স্কুলটি ঘিরে ফেলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শুরু করে অভিযান।
এক ঘণ্টার তীব্র গোলাগুলির পর হামলাকারী নিকোলাস ক্রজকে আটক করে পুলিশ। বের করে আনা হয় আটকা পড়াদের। কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারী এই স্কুলেরই সাবেক ছাত্র। স্কুল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে আটক হামলাকারীর বয়স ১৯ বছর।
পুলিশ কর্মকর্তা বলেন, ‘হামলাকারীকে আমরা আটক করেছি। তার বয়স ১৯। আমি শুনেছি, সে এই স্কুলেরই প্রাক্তন ছাত্র। তবে সে কি কারণে হামলা চালিয়েছে, তার কোন সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত আমাদের কাছে নেই।’
এদিকে স্কুলে হামলার ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।

