একাত্তর বাংলাঃ মাদারীপুরে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব হনুমান পূজার। রামভক্ত এই হনুমান পূজায় থাকছে তিন দিনব্যাপী গ্রামীণ মেলাসহ নানা ধর্মীয় অনুষ্ঠান। ভক্তদের বিশ্বাস, শঙ্খ ও ঢাক-ঢোল বাজিয়ে ফুল দিয়ে হনুমানের পূজা করলে সব অশুভ শক্তি দূর হয়।
শঙ্খ আর ঢাক-ঢোলের বাদ্যের সঙ্গে চলছে নাচ-গান। দেবতাকে খুশি করতে চরণে দেয়া হচ্ছে পুষ্পাঞ্জলি, সামনে রাখা হয়েছে হরেক রকম ফলের বাহার।
মাদারীপুর-গোপালগঞ্জের সীমান্তবর্তী এলাকা শশিকর-পিড়ারবাড়ির মধ্যবর্তী মাঠে প্রথমবারের মতো পালিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব হনুমান পূজা। ভক্ত-অনুসারীদের বিশ্বাস, রাবণের বন্দিশালা থেকে রামের স্ত্রী সীতাকে উদ্ধারের মতো সব অশুভ শক্তিকে বিনাশ করবে এই রামভক্ত বজরংবলী হনুমান।
দু’মাসেরও বেশি সময় ধরে ২৫ ফুট লম্বা ও ৮ ফুট চওড়া হনুমানটি তৈরি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী। সবার সহায়তা পেলে আগামীতেও এই পূজা করার কথা জানালেন আয়োজকরা।
হনুমান পূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব বলেন, ‘হনুমান পূজায় যে ভক্তকুল ও দর্শনার্থীদের জন্য সকল নিরাপত্তা অব্যাহত রাখা হয়েছে।’
বুধবার শুরু হওয়া এই পূজা আগামী ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় আরতি ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে শেষ হবে।

