একাত্তর বাংলাঃ বসন্তের ১ম প্রহরে ঢাবি’তে ডাকসু নির্বাচনীয় প্রচারনা। বসন্তে ঢাবি সেজেছে ডাকসু নির্বাচনের স্লোগানে । ফাগুনের প্রথম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসে যখন বিরাজ করছে বসন্ত বরণের আমেজ, তখন ডাকসু নির্বাচন সামনে রেখে সব ছাত্র সংগঠনের মিছিল-স্লোগান আর নানামুখী তৎপরতায় সরগরম মধুর ক্যান্টিন ও আশেপাশের এলাকা।
বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেই মধুর ক্যান্টিনে ছিল ছাত্রলীগ ও বাম ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীদের সরব উপস্থিতি।
সকাল পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি মেহেদি তালুকদারের নেতৃত্বে মধুর ক্যান্টিনে এসে পৌঁছান ছাত্রদল নেতাকর্মীরা।
এসময় প্রধান প্রতিদ্বন্দ্বী (ছাত্রলীগ ও ছাত্রদল) দুই ছাত্র সংগঠনের সহাবস্থানে মধুর ক্যান্টিন এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশের।
উভয় ছাত্র সংগঠনের নেতাকর্মীরাই পরস্পর কুশল বিনিময় করেন। প্রতিদ্বন্দ্বী দুই দলের নেতাকর্মীদের মিছিল-স্লোগানে সরগরম থাকে মধুর ক্যান্টিন ও আশেপাশের এলাকা। আর ছাত্র সংগঠনগুলোর নেতারাও ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

