একাত্তর বাংলাঃ অরাজকতা সৃষ্টি করতেই ভিসির বাড়িতে হামলা করা হয়েছে, সিসি টিভির ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এছাড়া কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ফেইসবুকে অপপ্রচারকারীদের বিরুদ্ধে মামলা হবে বলেও জানান মন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমার কাছে মনে হলো, অরাজক অবস্থা তৈরি করার জন্য ভিসির বাড়ির ভেতরে শুধু ঢোকেন নাই, তাকে লাঞ্ছিত করার জন্য তারা হৈ-হুল্লোড় শুরু করলো। তার পরিবারের সবাই তখন প্রাণভয়ে সরে গিয়েছিলেন। যদিও আমি নিজে দেখিনি, পরবর্তীতে সবার কাছে শুনেছি।
ভিসি মহোদয়ও তাদের সামনে নানা ধরণের নাজেহাল হয়েছেন।’
কোন ছাত্র এবং সচেতন সমাজ এটা মেনে নিতে পারে না উল্লেখ করে এর কঠোর নিন্দা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, ভিসির বাড়ির যতোগুলো ক্যামেরা ছিলো সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। তারা নিয়ে গেছে কিংবা ভেঙে ফেলেছে। যে মনিটরটা ছিলো সেটাও তারা নিয়ে গেছে। তারপরেও আমাদের কাছে কিছু আছে, আপনাদের (সংবাদকর্মীদের) ক্যামেরার ফুটেজগুলো আমাদের কাছে রয়েছে। এগুলো দেখে আমরা তাদের সনাক্ত করে এর ব্যবস্থা অবশ্যই নেবো।’

