নিউজ ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জামিনের কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার পর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা।
বিএনপির এই দুই নেতার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে; যেগুলোতে আগেই জামিন পেয়েছন তারা। সর্বশেষ বুধবার প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পান তারা।
গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সংঘর্ষের সময় পিটিয়ে হত্যা করা হয় এক পুলিশ সদস্যকে। ভাঙচুর ও আগুনও লাগিয়ে দেয়া হয় যানবাহনে। এক পর্যায়ে হামলা হয় প্রধান বিচারপতির বাসভবনে।
পরদিন ২৯ অক্টোবর গোয়েন্দা পুলিশ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এবং ২ নভেম্বর দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে গুলশানের তাদের বাসা থেকে নিয়ে যায়। এর পর ২৮ অক্টোবর বিএনপিরর মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাদের। এ ছাড়া আরও কয়েকটি মামলা হয় তাদের বিরুদ্ধে।

