একাত্তর বাংলাঃ হবিগঞ্জে বিরোধপূর্ণ টিলা দখলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৮ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে এ সংঘর্ষ হয়।
এলাকাবাসী জানান, গত কয়েক যুগ ধরে সুদ্রাটিকি এলাকায় ১৭ একর ৫৭ শতাংশ টিলা জমিতে বাড়িঘর নির্মাণ করে ভোগদখল করে আসছেন তারা।
সম্প্রতি ওই জমি জেমস ফিনলে কোম্পানির রামপুর চা বাগানকে লিজ দেয় সরকার। এ নিয়ে আদালতে মামলা করেন গ্রামবাসী। মামলাটি আদালতে বিচারাধীন থাকা অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ টিলাটি দখলমুক্ত করতে যায়।
এ সময় বাধা দেয় গ্রামবাসী। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় ৮ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে এবং একজনকে ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।

