একাত্তর বাংলাঃ নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ধর্ষণের শিকার হয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। নিহত গৃহবধূ মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুম গ্রামের মো. ইউসুফ সোহাগের স্ত্রী।
নিহতের শ্বশুর নূর করিম জানান, শনিবার (২ মার্চ) সকালে মোহাম্মদপুর ইউনিয়নের চর মাকসুম গ্রামে পলি আক্তার (২২) বিষপানে আত্মহত্যা করেছে।
নূর করিম জানান, ‘শুক্রবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে একই এলাকার আলাউদ্দিন ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। পলির চিৎকার শুনে আশপাশের লোকজন আলাউদ্দিনকে আটকের পর রাতেই সালিশ বৈঠকে ৬০ হাজার টাকা জরিমানা করে তাকে ছেড়ে দেওয়া হয়। অপমান সইতে না পেরে শনিবার সকালে পলি বিষপান করে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, দুপুরে মৃত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে তা তদন্তের আগে বলা যাচ্ছে না।
চরজব্বার থানার ওসি সাহেদ উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

