একাত্তর বাংলাঃ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে কারো দাবির মুখে সংবিধান পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় চলতি বছরের ডিসেম্বরে বর্তমান সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশে ২০১৮ সালের শেষে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন এবং সরকার প্রধান থাকবেন শেখ হাসিনা। কারও কোনো দাবি মানা হবে না। সংবিধানে কোনো ধরনের পরিবর্তন আনা হবে না।
আইনমন্ত্রী বলেন, আমাদের দায়িত্ব সুষ্ঠু নির্বাচন করে দেয়া। সকলেই এ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। কাউকে বাড়ি থেকে ডেকে এনে আমরা নির্বাচন করাতে পারব না।

