নিউজ ডেস্ক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশের আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত ও অত্যন্ত গর্হিত অপরাধীদের বিদেশ থেকে ফিরিয়ে আনার উদ্যোগকে আরও শক্তিশালী করা হবে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে হয়রানি বন্ধ করতে প্রধানমন্ত্রীর কাছে ১২ যুক্তরাষ্ট্রীয় সিনেটরের চিঠি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এই মামলার কাগজপত্র দেখে আমি যতটুকু জানি বিচারিক আদালতে সুষ্ঠুভাবেই আইনের যেই ধারা সেই ধারা অনুযায়ী বিচার হয়েছে। যিনি এই মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চয় আপিল করবেন। সেজন্য সেখানে প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভা মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের নেতা মনির হোসেন বাবুল, সেলিম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ড. আব্দুল্লাহ ভূঁইয়া বাদল, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খাদেম লিটন, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক এ কে এম আতাউর রহমান নাজিম, আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন নয়ন প্রমুখ।
উপজেলা পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে একাধিক পথসভা অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় ট্রেনে দুই দিনের সফরে আখাউড়ায় যান আইনমন্ত্রী।

