একাত্তর বাংলাঃ নাইকো দুর্নীতি মামলার তদন্তে অনিয়মের আশ্রয় নিয়েছে দুদক আদালতে এমন দাবি করে মামলা বাতিলের আবেদন করেছেন এ মামলার আসামি ও আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পুরানো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে নাইকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানিতে এ আবেদন করেন তিনি।
প্রায় দেড়ঘণ্টার শুনানি শেষে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন আদালত। পরে দুদক আইনজীবী সাংবাদিকদের বলেন, মামলা বাতিল চেয়ে উচ্চ আদালতে এ কথা বলেও কাজ না হওয়ায় তারা এখন আবারো পুরানো কথা বলছেন। এর আগে বেলা সাড়ে বারোটার দিকে হুইল চেয়ারে করে বেগম জিয়াকে আদালতে হাজির করা হয়।
এদিন ব্যক্তিগত চিকিৎসক দিয়ে কারাগারে বেগম জিয়ার চিকিৎসার আবেদন করেন তার আইনজীবীরা। এ বিষয়ে পরে আদেশ দেবেন বলে জানান আদালত।
অস্বচ্ছ চুক্তির মাধ্যমে কানাডীয় কোম্পানিকে তিনটি গ্যাসক্ষেত্র তুলে দেয়ায় রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭ শ ৭৭ কোটি টাকা ক্ষতির অভিযোগে বেগম জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে ২০০৭ সালে মামলাটি করে দুদক।

