একাত্তর বাংলাঃ ময়মনসিংহে ডিবি পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান একশত গ্রাম হেরোইন উদ্ধার করেছে। শুক্রবার রাত একটার দিকে শহরের ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন হোমিওপ্যাথি মেডিকেল কলেজমাঠে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, ডিবির দুটি টিম ওসি শাহ কামাল আকন্দ এবং পুলিশ পরিদর্শক তদন্ত ফারুক আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে শহরে অভিযান চালান। অভিযানকালে গোপন সূত্রে খবর পায়, শহরের পুরাতন ত্রিশাল বাসষ্ট্যান্ড সংলগ্ন হোমিও মেডিকেল কলেজ মাঠে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক ক্রয়-বিক্রয় করছে।
এ সংবাদে ডিবি’র দুইটি টিম ঘটনাস্থলে পৌছা মাত্রই মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে অতর্কিত গুলি ও ইটপাটকেল মারতে থাকে। এতে দুইজন কনষ্টেবল আহত হয়। পুলিশ সরকারী সম্পদ ও আত্নরক্ষার্থে শর্টগানের ফাকা গুলি ছুড়ে। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা গুলি করতে করতে পালিয়ে যায় বলে ওসি শাহ কামাল আকন্দ দাবি করেন। পরে ঘটনাস্থল থেকে আঃ রশিদ নামের এক মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।
এছাড়া ঘটনাস্থল থেকে ১ টি পাইপগান ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওসি আরো জানান,আহত মাদক ব্যবসায়ীকে কোতয়ালী থানা পুলিশের সহায়তায় উদ্ধার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হলে কর্তব্যরত ডাক্তারতাকে মৃত ঘোষণা করেন।
তার বিরুদ্ধে বিস্ফোরক সহ ৭ এর অধিক মামলা আছে।এছাড়া আহত পুলিশ সদস্যদেরকে উদ্ধার করে পুলিশ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

