একাত্তর বাংলাঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ-তরুণী নিহত হয়েছেন। আহত হয়েছেন আখি আক্তার নামের আরও এক তরুণী। শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) রাত দুইটায় উপজেলার আউখাবো এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন, হৃদয় (২২) ও শারমিন (১৭)। নিহত ও আহতরা তিনজনই পেশায় নৃত্যশিল্পী।
আহত নৃত্যশিল্পী আখি আক্তার জানান, গত শুক্রবার রাতে নরসিংদী জেলায় একটি নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সহকর্মী হৃদয়ের মোটরসাইকেলে করে ঢাকায় ফিরছিলেন তারা। মোটরসাইকেলটি ঢাকা-সিলেট মহাসড়কের আউখাবো এলাকার অনুপম গার্মেন্টসের সামনে এলে মাটিবাহী একটি ট্রাক( ঢাকা মেট্রো-ট-৩২২) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শারমিন ও হৃদয়ের মৃত্যু হয়। গুরুতর আহত হন তিনি।
কাচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাউয়ুম আলী সরদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে নিহতদের লাশ উদ্ধার করে আহত আখিকে হাসপাতালে পাঠানো হয়।
নিহত হৃদয় চাঁদপুর জেলার দক্ষিণ মতলব থানার শফিক মাস্টারের ছেলে। তার সহকর্মী নিহত শারমিন বরিশাল জেলার বাকেরগঞ্জের জাফর আলীর মেয়ে। তারা ঢাকার মুগদা এলাকায় বসবাস করতেন।
ওসি আরও জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

