একাত্তর বাংলাঃ আজ (১৬ ফেব্রুয়ারি) মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর (এমএজি ওসমানী) ৩৫তম মৃত্যুবার্ষিকী।
১৯৮৪ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এম এ জি ওসমানী ১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জে। তার পিতা খান বাহাদুর মফিজুর রহমান ও মাতা জোবেদা খাতুন।
অসাধারণ মেধাবী ওসমানী ১৯৩৪ সালে মেট্রিকুলেশন পরীক্ষায় ব্রিটিশ ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেন। এ অসাধারণ কৃতিত্বের জন্য ব্রিটিশ সরকার তাকে প্রাইটোরিয়া পুরস্কার প্রদান করে।
১৯৩৯ সালে এমএজি ওসমানী রয়েল আর্মড ফোর্স ক্যাডার হিসেবে যোগদান করেন। ১৯৪২ সালে তিনি মেজর পদে উন্নীত হন এবং তৎকালীন ব্রিটিশ সেনাবাহিনীর সর্ব কনিষ্ঠ মেজরের পদমর্যাদায় ভূষিত হন।
১৯৬৬ সালে অবসর গ্রহণের পর ১৯৭০ সালে তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ১৯৭০ এর নির্বাচনে ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ-বিশ্বনাথ এলাকা থেকে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন।
মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মুক্তিবাহিনীর সেনাপ্রধানের পদ গ্রহণ করেন। যুদ্ধ পরিচালনায় তিনি রণাঙ্গনকে ১১টি সেক্টরে বিভক্ত করেন। তার নেতৃত্বে মুক্তিবাহিনী সুসংগঠিতভাবে পাকিস্তানিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে স্বাধীনতাকে ত্বরান্বিত করেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

