একাত্তর বাংলাঃ আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শুক্রবার বিকেলে মাদারীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় বিএনপিকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান মন্ত্রী।
মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপির বন্ধুদের বলি, নির্বাচনে যদি না আসেন, বাটি চালান দিলেও খুঁজে পাওয়া যাবে না। নির্বাচনে আসেন, লড়াই হবে মাঠে ইনশাল্লাহ। গোল দেবে কে জানেন? শেখ হাসিনা… ভালো সেন্টার ফরোয়ার্ড, উনিই গোল দেবে ইনশাল্লাহ।’
মোহাম্মদ নাসিম বলেন,’ দেশে গণতন্ত্র আছে বলেই আমরা উন্নয়ন পাচ্ছি। রাস্তা, ব্রিজ, কালভার্ট পাচ্ছি, বিদ্যুৎ সমস্যার সমাধান করতে পেরেছি, শ্রমিক-কৃষকের ভাগ্য বদলাতে পেরেছি।’
বিভিন্ন গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই নির্বাচন হবে। এবং সেটা শেখ হাসিনার অধীনেই হবে বলেও মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘খেলা হবে ডিসেম্বরে। ফাইনাল খেলা হবে বাংলাদেশের মাঠে। ওই খেলায় রেফারি থাকবে নির্বাচন কমিশন। বিএনপির বন্ধুদের বলবো, নির্বাচনে আসেন। আওয়ামী লীগের সঙ্গে খেলেন। দয়া করে কোনো ফাউল করবেন না।’
নির্বাচনে জনগণের রায় মেনে আওয়ামী লীগ মেনে নেবে উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘বিএনপিকে বলবো, আদালতে যান। আদালত যদি ছেড়ে দেয় (খালেদা জিয়াকে) আমাদের কোনো আপত্তি নাই। এটা বলে রাখি, আপনারা যদি আপনাদের নেত্রী খালেদা জিয়ার অধীনে নির্বাচন করেন তখনও লড়াই করবো মাঠে ইনশাল্লাহ।’

