একাত্তর বাংলা রিপোর্টঃ বিগত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের বিচার দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে মহানগর ছাত্রদল। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এই মানববন্ধন করে ছাত্রদলের সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এই মানববন্ধন করে শিক্ষার্থীরা।
ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দমোহন বিশ্ববিদ্যালয়-কলেজ, ময়মনসিংহ মহাবিদ্যালয়, নাসিরাবাদ কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা পৃথক পৃথক আয়োজনে বিগত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনে জড়িতদের বিচার দাবিতে এই কর্মসূচি পালন করে। এতে মহানগর ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিট ছাত্রদলের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন জানান, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট শাসনে ছাত্রদলের নেতাকর্মীসহ দেশের কয়েক হাজার নিরীহ মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। অবিলম্বে গুম, খুন ও নির্যাতনে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা না হলে ছাত্রদল রাজপথে আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব।

