একাত্তর বাংলাঃ গাইবান্ধায় শুরু হয়েছে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পুলিশ লাইন্স মাঠে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলার সাত উপজেলা ও গাইবান্ধা পৌরসভাসহ মোট আটটি দল প্রথম দিনের খেলায় অংশ নেয়।
শুক্রবার (০৫ এপ্রিল) সকালে অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী কাবাডি খেলার উদ্বোধনের মধ্য দিয়ে প্রথম দিনের খেলা শুরু হয়। নকআউট পর্বের প্রথম খেলায় সাঘাটা উপজেলাকে ৬০-১১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সদর থানা পুলিশ দল।
দ্বিতীয় খেলায় গাইবান্ধা পৌরসভা কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাদুল্লাপুর উপজেলা কাবাডি দল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, কাবাডি উপ-পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য মাসুদুল হক মাসুদ, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মজিবুর রহমান প্রমুখ।
বিকেলে পলাশবাড়ি উপজেলা বনাম সুন্দরগঞ্জ উপজেলা ও গোবিন্দগঞ্জ উপজেলা বনাম ফুলছড়ি উপজেলা কাবাডি দলের খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আগামীকাল শনিবার (৬ এপ্রিল) সকালে সেমিফাইনাল শেষে বিকেলে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

