কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে মাটিভর্তি লরি ট্রাক্টরের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাজিব (২৪) মোক্তাদির মিয়া (৬০) নামে দুই সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এছাড়া সিএনজি চালক জাহিদ (২৫) ও মনিরুল (৩৩) নামে সিএনজির আরেক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের সতাল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই সিএনজি যাত্রীর মধ্যে রাজিব মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রামের আব্দুল মান্নানের ছেলে এবং মোক্তাদির মিয়া একই গ্রামের মৃত কাছু মিয়ার ছেলে। এছাড়া আহত সিএনজি চালক জাহিদ করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর মধ্যপাড়ার নূরুল ইসলামের ছেলে এবং সিএনজি যাত্রী মনিরুল ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, রাজিব, মোক্তাদির ও মনিরুল মঙ্গলবার একটি মামলায় আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে অপর দিক থেকে আসা মাটি ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজির সামনে চালকের দুই পাশে থাকা রাজিব ও মোক্তাদির ঘটনাস্থলেই মৃত্যু হয়।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনার পর পরই ট্রলি ট্রাক্টরটির চালক পালিয়ে যায়। তবে ট্রলি টাক্টরটিকে জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

