কিশোরগঞ্জ প্রতিনিধি: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে প্রত্যুষে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে গুরুদয়াল কলেজের স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়।
সকাল ৮টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এক মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বিএমএ’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও হাসপাতাল, জেলখানা, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
দুপুরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে ৭১’র বীর মুক্তিযোদ্ধাদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
এছাড়া সমবায় কমিউনিটি সেন্টারে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী।
এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক এ্যাড. এম.এ আফজল, পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আসাদ উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক প্রিন্সিপাল শরীফ সাদী, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক বিলকিছ বেগম।
বিকেলে মহিলাদের অংশগ্রহনে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা একাদশ, পৌর একাদশ ও সূধী প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
এছাড়াও সন্ধ্যায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে মুক্তিযুদ্ধ ভিত্তিক এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

