একাত্তর বাংলাঃ পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার নলবুনিয়া গ্রামে মৃত্যুর ১১ মাস পরে এক যুবকের লাশ উত্তোলন করেছে পুলিশ।
সোমবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে ইন্দুকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামে আদালতের আদেশক্রমে গার্মেন্টসকর্মী সাইফুল ইসলামের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয় বলে জানান পিরোজপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. ফখরুল ইসলাম।
সাইফুল ইসলাম (১৯) ইন্দুকানী উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রামে জাহাঙ্গীর মোল্লার ছেলে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফখরুল ইসলাম জানান, গত বছরের ৭ এপ্রিল ঢাকার আশুলিয়ায় একটি সড়ক দুর্ঘটনায় মারা যান সাইফুল। তবে এ ঘটনার পর সাইফুলকে পরিকল্পিত হত্যার অভিযোগ এনে গত বছরের ৩১ মে সাইফুলের মা ফিরোজা বেগম বাদী হয়ে ঢাকার আদালতে একটি হত্যা মামলা দায়ের করে।
এ মামলার ঘটনায় আদালতের আদেশ অনুযায়ী আজ সাইফুল ইসলামের লাশ উত্তোলন করে তদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
লাশ উত্তোলনের সময় আরো উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. এস এ খান, ইন্দুরকানী থানার এসআই মো. মাইনুল ইসলাম, আশুলিয়া থানার এসআই এমদাদ হোসেন সহ নিহতের আত্মীয়-স্বজন।

