রেজাউল করিম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে ওষুধ ফার্মেসী গুলোতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পৌরসভার বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়েছে।
জানা গেছে, সরিষাবাড়ী হাসপাতাল সংলগ্ন ও শিমলা বাজার এলাকায় কয়েকটি ওষুধ ফার্মেসীতে এ অভিযান চালানো হয়। মেয়াদোত্তীর্ণ ওষুধ, অপরিচ্ছন্নতা ও লাইসেন্স না থাকার কারণে ৭টি ওষুধ ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। সরিষাবাড়ী হাসপাতালের সম্মুখে ভাই ভাই মেডিকেল হল ৩ হাজার, মাহাদী মেডিকেল হল ৫ হাজার, বিসমিল্লাহ মেডিকেল হল ২ হাজার, মাওয়া মেডিসিন কর্ণার ১ হাজার, ইউসুফ মেডিকেল হল ২ হাজার এবং শিমলা বাজার ভাই ভাই সার্জিক্যাল এন্ড মেডিসিন ১ হাজার ৫’শত টাকা ও অঞ্জলী ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উক্ত ভ্রাম্যমাণ অভিযানটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ। এ সময় উপস্থিত ছিলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় উপ পরিচালক মোঃ শফিকুল ইসলাম ও জেলা সহকারী পরিচালক গৌরী রানী বসাক প্রমুখ৷

