রবিউল ইসলাম, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান এমপি’র নির্দেশে শুক্রবার বিকেলে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলাবাজার এলাকায় জীবানুনাশক পানি ছিটানো হয়। করোনা ভাইরাস সংক্রমণ রোধে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্লিচিং পাউডার মিশ্রিত এ জীবানুনাশক পানি ছিটানো হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি ও যুবলীগ নেতা মোঃ সাখাওয়াত আলম মুকুলের নেতৃত্বে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও সাখাওয়াত আলম মুকুল পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, বিভিন্ন স্থানে জীবাণু নাশক স্প্রে, শহরের গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার ব্যবস্থা এবং মাস্ক বিতরনের ব্যবস্থা করেন। সেই সাথে উপজেলাবাসীকে তাদের নিজেদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও রাস্তা-ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেন।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে সরিষাবাড়ীতে আসা বিদেশ ফেরত কোন ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে থাকার বিষয়ে নিয়মিত খোঁজখবর নিচ্ছেন তথ্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি ও যুবলীগ নেতা মোঃ সাখাওয়াত আলম মুকুল। করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলার বিভিন্ন স্থানে সকলপ্রকার হাট, আবাসিক হোটেল, শপিংমল, বাণিজ্য কেন্দ্র, রেষ্টুরেন্ট, বিনোদন কেন্দ্র, সামাজিক অনুষ্ঠান, ধর্মীয় সমাবেশ, ভ্রাম্যমান ফাস্ট ফুড, সেলুন এবং চা এর দোকানের আড্ডাসহ জনসমাগম হয় এমন সকল কিছু পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার বিষয়েও নজরদারী রাখছেন।

