সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
সরিষাবাড়ীতে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী দিলেন বিজিডি ফাউন্ডেশন
জামালপুরের সরিষাবাড়ীতে “আর্ত মানবতার সেবায় এক গৌরবময় দৃষ্টান্ত” এ প্রতিপাদ্যকে সামনে রেখে হতদরিদ্রদের পাশে দাঁড়ালেন বিজিডি ফাউন্ডেশন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার সেঙ্গুয়া দারুল হুদা সিনিয়র ফাযিল মাদরাসা মাঠে পাঁচ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মসূচী উদ্ভোধন করেন বিজিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম।
ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক মানবজমিন এর সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি ও সরিষাবাড়ী প্রেস কাবের সহ-সভাপতি এম.এ. রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন সরিষাবাড়ী প্রেস কাবের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, ঢাকা মিরপুরের আইআইবিএস এর ডিরেক্টর হুমায়ুন কবীর, দৈনিক সমকাল সরিষাবাড়ী প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, বিজিডি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক কমিটির আহবায়ক বিজয় টিভি’র সরিষাবাড়ী প্রতিনিধি সোহানুর রহমান (সোহান) প্রমুখ। এসময় অন্যান্য গনমাধ্যম কর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।
বিজিডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, আমি ছাত্র জীবন থেকেই দরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে প্রতি রমজানের শুরুতে এবং ঈদের পূর্বে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছি। এ ধারাবাহিকতায় নিজ অর্থায়নে প্রাতিষ্ঠানিক ভাবে উপজেলার বিভিন্ন গ্রামে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দরিদ্র লোকের তালিকা তৈরি করা হয়েছে এবং কয়েকটি ভেন্যু করা হয়েছে। তাদের মাঝে আজ একটি ভেন্যুতে ইফতার সামগ্রী বিতরণ শুরু করা হলো। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে আগামী ৭ম রোজার মধ্যে সকল ভেন্যুতে ইফতার সামগ্রী বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আরও বলেন, যখন আমি গ্রামে থাকতাম তখন দেখেছি দরিদ্র পরিবারের পুরুষেরা মসজিদে অপরের দেয়া ইফতার করত আর মা-বোনেরা বাড়ীতে শুধুমাত্র পানি দিয়েই ইফতার করত। তাদের কথা মাথায় রেখেই আমার মন কেঁদে উঠত। অসহায়দের পাশে থাকার সিদ্ধান্ত আমি তখনই গ্রহন করি।

