একাত্তর বাংলা রিপোর্টঃ রাষ্ট্র সংস্কারের মাধ্যমে মেধাবী নেতৃত্ব তৈরী করতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি মো. শাকির আহমেদ। তিনি বলেন, গত ১৫ বছরে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।
আর আওয়ামী লীগ পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতি করে শিক্ষার্থীদের মগজে মিথ্যা তথ্য গেঁথে দেওয়া চেষ্টা করেছিল। কিন্তু বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের রাজনীতিতে পরিবর্তন আনতে চায়। এ কারণেই রাষ্ট্র সংস্কারের মাধ্যমে মেধাবী নেতৃত্ব তৈরী করতে তিনি কাজ করে যাচ্ছেন।
রোববার (২৪ নভেম্বর) বিকালে ময়মনসিংহ মহাবিদ্যালয় ক্যাম্পাসে রাষ্ট্র কাঠামো মেরামত ও ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় ছাত্রনেতা শাকির আহমেদ আরও বলেন, যারা দুর্বৃত্তদের কাছে রাজনীতির নিয়ন্ত্রন রাখতে চায়, তারাই ছাত্র রাজনীতি বন্ধ করতে চায়। কিন্তু দেশে মেধাবী রাজনীতি প্রতিষ্ঠিত করতে হলে ছাত্র রাজনীতির কোন বিকল্প নেই। এ কারণেই সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের মতামতের ভিত্তীতে মেধাবী নেতৃত্ব তৈরীতে কাজ করছে ছাত্রদল। এতে গড়ে উঠবে আগামীর যোগ্য নেতৃত্ব।
এর আগে সকালে নগরীর জিলা স্কুল এবং দুপুরে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় ও কলেজে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন ছাত্রদলের প্রতিনিধিরা।
এ সময় আনন্দ মোহন কলেজ লাইব্রেরীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আত্মজীবনীমূলক বই উপহার হিসাবে প্রদান করা হয়। এছাড়াও আনন্দমোহন কলেজ ক্যাম্পসে বৃক্ষ রোপনসহ পুকুরে মাছ অবমুক্ত করা হয়।
মতবিনিময় সভায় ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় শিক্ষার্থীদের মাঝে বিএনপি ও ছাত্রদলের রাজনীতির সংক্ষিপ্ত ইতিহাস সম্বলিত বুকলেট, রাষ্ট্র মেরামতের ৩১ দফা ও ধানের শীষের ছবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এদিকে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মো: ওমর সানি ও ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইনের নেতৃত্বে ময়মনসিংহ পলিটেকনিক্যাল, নাসিরাবাদ কলেজসহ বেশ কয়েক শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালায় ছাত্রদল।
এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মো. রিসালাত ইসলাম সজীব ও ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মাহাবুবুর রহমান রানার নেতৃত্বে সদর উপজেলার বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় ও মাইজবাড়ী টেকনিক্যাল স্কাল এন্ড কলেজে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে ছাত্রদল।

