এস এম আকাশঃ আজ সকাল সাড়ে ৯ ঘটিকায় মহানগরীর সার্কিট হাউস মাঠে বেলুন উড়িয়ে ও ট্রফি উন্মোচন করে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টটি উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মিজানুর রহমান, এমপিএলের টাইটেল স্পন্সর ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম, ফিরোজ আলম ও ফাস্ট সিনিয়র এডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিন।
এছাড়া উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ এর সংগ্রামী সাধারন সম্পাদক মোহিত উর রহমান শান্ত এবং স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে শুরু হয়েছে ১০০ বলের ওয়াল্টন ময়মনসিংহ প্রিমিয়ার লীগ (এমপিএল)। ময়মনসিংহ প্রিমিয়ার লীগ (এমপিএল) উদ্বোধনী অনুষ্ঠানের পর এই আসরের প্রথম ম্যাচে আজ ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে মুখোমুখি হয় ময়মনসিংহ টাইগার্স এবং ময়মনসিংহ থান্ডারস।
ময়মনসিংহ টাইগার্স টসে জিতে ব্যাটিং নিয়ে ময়মনসিংহ থান্ডারসকে ১০৬ রানের টার্গেট বেঁধে দেয়। ময়মনসিংহ থান্ডার ৬ উইকেট খরচ করে নির্ধারিত লক্ষ্যে পৌছে যায়।
মুজিব শতবর্ষ উপলক্ষে ১০০ বলের নতুন ফরম্যাটের ম্যাচের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এই টুর্নামেন্টে ৬টি দল ২টি গ্রুপে খেলবে। ‘এ’ গ্রুপে রয়েছে ময়মনসিংহ টাইগার্স, ময়মনসিংহ থান্ডারস, ময়মনসিংহ সিক্সারস এবং ‘বি’ গ্রুপে লড়বে ময়মনসিংহ রাইডার্স, ময়মনসিংহ ওয়ারিয়র্স ও ময়মনসিংহ ঈগলস।
সৈকত আলী ও ইলিয়াস সানি খেলবেন ময়মনসিংহ ঈগলস-এ। সাব্বির রহমান ও পারভেজ হোসেন ইমন ময়মনসিংহ রাইডার্সে, নাসির হোসেন, আজমির আহমেদ ও তানজিদ হাসান তামিম ময়মনসিংহ সিক্সারসে, শুভাগত হোম ও তৌহিদ হৃদয় ময়মনসিংহ থান্ডারসে, মোহাম্মদ আশরাফুল ও রাকিবুল হাসান ময়মনসিংহ টাইগার্সে, আকবর আলী ও আরাফাত সানি ময়মনসিংহ ওয়ারিওয়র্স-এ খেলবেন। ২২ ডিসেম্বর মঙ্গলবার ২য় দিনের ম্যাচে দুপুর সোয়া ১টায় ময়মনসিংহ রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে ময়মনসিংহ ঈগলস। এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ ডিসেম্বর।
উল্লেখ্য, ময়মসিংহের গর্বিত দুই সন্তান জাতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ও জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত বর্তমান করোনা পরিস্থিতির কারণে বিসিবির ছাড়পত্র না পাওয়ায় খেলতে পারছেন না। আগামী মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।

