একাত্তর বাংলাঃ গোপালগঞ্জের গ্রামে মনিকা চৌধুরী(৪০) নামে এক নারীকে গলায় ফাঁস দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (৩১ মার্চ) দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে লাশ স্বজনদের কাছে বুঝে দিয়েছে পুলিশ।
গোপালগঞ্জ সদর উপজেলার আন্দারকোটা গ্রামে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কল) মোহাম্মদ ছানোয়ার হোসেন জানান, ওই নারী ৪ সন্তানের জননী।
স্বামী মনিমোহন ওরফে মনিন্দ্র চৌধুরী দীর্ঘ প্রায় তিন বছর ভারতে বসবাস করছে। তিনি একাকী বাড়িতে থাকতেন। সেখানে একাকী শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।
শনিবার (৩০ মার্চ) রাতে কে বা কারা গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করে ফেলে রেখে যায়।
যাদের সাথে মনিকা প্রতিদিন শ্রম বিক্রি করতেন, তারা তাকে ডাকতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পায় এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ বুঝে দেয়।

