চীঢ রিপোর্টারঃ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। এ দফায় ১৬টি জেলার ১শ’ ৬ টি উপজেলায় ভোটগ্রহণ হয়। কেন্দ্রে কেন্দ্রে ভোট গণনার পর ফল পাঠানো হবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সেখান থেকে বেসরকারিভাবে ফল ঘোষণা করা হবে।
এদিকে ময়মনসিংহের সবকটি কেন্দ্রে ব্যালট পেপারে ভোট চলে। তবে, সদর উপজেলার সবকটি কেন্দ্রেই ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাধ্যমে ভোটদান হয়েছে।
রবিবার ৩১ মার্চ, সকাল ৮ ঘটিকা হতে সদর উপজেলার সবকটি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায় ।
এই ধাপের নির্বাচনে প্রতিবেদকের সরেজমিন সূত্রে প্রাপ্ত তথ্যমতে, সকাল থেকে ভোট কেন্দ্র তেমন একটা ভোটার উপস্তিতি চোখে পড়ার মতো ছিল না।
জানা যায়, ময়মনসিংহ সদর উপজেলার ১০০টি কেন্দ্রের সব গুলোতেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হচ্ছে। ইভিএমের কারিগরি কোনো ত্রুটি ধরা পড়লে সমাধানের জন্য সেনাবাহিনীর দুইজন এবং নির্বাচন কমিশন থেকে প্রত্যেক কেন্দ্রে একজন করে লোক রয়েছেন।
জেলার ১০টি উপজেলার ৯৪৩টি কেন্দ্রে ভোট কার্যক্রম এক যোগে চলছে। এসব উপজেলায় মোট ভোটার ২৫ লাখ ৯৫ হাজার ৪৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ১৯ হাজার ২১ জন এবং নারী ভোটার রয়েছেন ১২ লাখ ৯৫ হাজার ২৩৯ জন।
উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে ৩১ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ময়মনসিংহ সদর, গফরগাঁও ও ফুলবাড়িয়া উপজেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে ইতোমধ্যে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের তিন প্রার্থী। এর মধ্যে গফরগাঁওয়ে সবগুলো পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় এ উপজেলায় নির্বাচনই হচ্ছে না। অপরদিকে ত্রিশাল উপজেলায় উচ্চ আদালতের নিদের্শে ভোট স্থগিত রয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান সারওয়ার জাহান জানান, এ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতার ঘটনা এড়াতে পুরো জেলায় ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি, র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর টিম নিরাপত্তা রক্ষায় কাজ করছে।
এছাড়াও জানা যায় যে, চতুর্থ ধাপে একশ’ ২৭টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ ধাপে চেয়ারম্যান পদে ৩৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ২২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এরইমধ্যে ৩৯ উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

