একাত্তর বাংলাঃ বিএনপিকে সাম্প্রদায়িক ও দুর্নীতিবাজ দল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশে অরাজকতা সৃষ্টি হবে জেনেই দেশের মানুষ আবারও আওয়ামী লীগেই ভোট দেবে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নরসিংদীতে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপিকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। বিএনপি হচ্ছে বাংলাদেশ নালিশ পার্টি। জনগণের কাছে পাত্তা না পেয়ে তারা এখন বিদেশিদের কাছে নালিশ করছে।
বেগম জিয়া কারাগারে গেলেন বিএনপি মনে করল এবার আন্দোলন হবে, মরা গাঙ্গে জোয়ার আসবে, কিন্তু সেটা কি হলো? নয় বছর ধরে বিএনপি আন্দোলন করবে বলে এ বছর ও বছর করছে।
আসলে আন্দোলন করতে হলে ঐক্য লাগে। যা বিএনপির মধ্যে নেই।
ওবায়দুল কাদের বলেন, এ নির্বাচনে আমাদের জয়লাভ করতে হবে। আমাদের বিকল্প হচ্ছে বিএনপি’র নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি। এই শক্তি যদি বিজয়ী হয় তবে দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে।
পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা ও সংসদ সদস্য অ্যাডভোকেট হুমায়ুন মজিদ ও জেলার সব উপজেলা পরিষদের চেয়ারম্যানরা।

