একাত্তর বাংলাঃ শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজে সাকিব আল হাসানের পরিবর্তে দলে নেয়া হয়েছে স্পিনার নাজমুল ইসলাম অপুকে। একাদশে জায়গা পেলে এটাই হবে জাতীয় দলের জার্সিতে অপুর প্রথম ম্যাচ।
ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আহত হয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব। খেলতে পারেননি টেস্ট সিরিজেও। ১৫ সদস্যের টি-২০ স্কোয়াডে রাখা হয়েছিলো তাকে। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় এ সিরিজেও খেলতে পারছেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার।
স্কোয়াডে একাধিক স্পিনার থাকলেও সাকিব ছাড়া আর কোনো বাঁহাতি স্পিনার রাখা হয়নি। এবার তার বদলি হিসেবে প্রথম টি-২০তে আরেকজন বাঁহাতি স্পিনারকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।
আগামী ১৫ ফেব্রুয়ারি মিরপুরে প্রথম টি-২০তে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেটে ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় এবং শেষ ম্যাচ।
বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
তামিম ইকবালের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত, মাহমুদুল্লাহ’র ওপরই ভরসা রেখেছে বোর্ড। প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
চোট থেকে সাকিব আল হাসান পুরোপুরি সেরে না ওঠায়, খেলতে পারছেন না টি টোয়েন্টি সিরিজে। তাই অনেকটা নিশ্চিতই ছিলো নতুন অধিনায়কের অধীনে খেলতে নামবে বাংলাদেশ। প্রথমে তামিম ইকবালের নাম আলোচনায় আসলেও, ঘরোয়া ক্রিকেটে সংক্ষিপ্ত ফরম্যাটে দারুণ নেতৃত্ব দেয়া মাহমুদুল্লাহকেই বেছে নিয়েছে বোর্ড।
আর প্রথম টি টোয়েন্টি’র স্কোয়াডে সাকিবের স্থলাভিষিক্ত হয়েছেন বিপিএলে রংপুরের হয়ে দারুণ বল করা নাজমুল ইসলাম অপু। আজ পুরো স্কোয়াড নিয়ে মিরপুরে অনুশীলন করেছে টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাট হওয়ায় ভালো করার আশা স্বাগতিকদের।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে একাদশে সুযোগ পেলে, স্কোয়াডে ডাক পাওয়া নতুন ক্রিকেটাররাও নিজেদের প্রমাণ করবে, এমনটা বিশ্বাস ওপেনার তামিম ইকবালের।

