একাত্তর বাংলাঃ কৃষি ও প্রাণিসম্পদ খাতের অগ্রগতি নিশ্চিত করতে হবে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, জলবায়ুর পরিবর্তনে নেতিবাচক প্রভাব মোকাবেলায় গবেষক ও বিজ্ঞানীদের নতুন পদ্ধতি আবিষ্কারে মনোযোগী হতে হবে।
রোববার দুপুরে চট্টগ্রামের ভেটেরিনারি ও এনিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি। এ সময় শুধু পুথিগত বিদ্যা নয় বরং দেশ বিদেশের সবশেষ তথ্য সমৃদ্ধ শিক্ষা এবং সৃজনশীল কর্মকাণ্ডে যাতে শিক্ষার্থীরা মনোযোগী হতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান রাষ্ট্রপতি।
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আব্দুল মান্নান, সমাবর্তন বক্তা অধ্যাপক এ কে আজাদ বক্তব্য দেন। সমাবর্তনে ৮শ’ ৪৪ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেয়া হয়।
রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট বিরূপ নীতিবাচক প্রভাব আমাদের কৃষিতে পড়া শুরু হয়েছে। জলবায়ু বিরূপ মোকাবেলায় আমাদের গবেষক ও বিজ্ঞানীদের নতুন নতুন জাত ও পদ্ধতি আবিষ্কারে মনোযোগী হতে হবে।
শুধু পুঁথিগত বিদ্যা নয় বরং দেশ বিদেশের সবশেষ তথ্য সমৃদ্ধ শিক্ষা এবং সৃজনশীল কর্মকাণ্ডে যাতে শিক্ষার্থীরা মনোযোগী হতে পারে সেজন্য বিশ্ববিদ্যালয়গুলোকে দৃঢ় পদক্ষেপ দিতে হবে।

