একাত্তর বাংলাঃ অনুপ্রবেশের দায়ে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা থেকে সাত নারী ও নয় শিশুসহ ৩০ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ)।
এদের মধ্যে, রোববার সকালে জেলার বসিরহাট মহকুমার স্বরুপনগর তারালি সীমান্ত থেকে ১৯ জন এবং এর আগে শনিবার দুপুরে বিথালী সীমান্ত থেকে ১১ জনকে আটক করা হয় বলে জানা গেছে।
পরে তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হলে রোববার তাদেরকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এসময়, আদালত তাদের প্রত্যেককে ১৪ দিনের কারাদণ্ড দেন।
পুলিশ জানায়, আটককৃতরা দালালের মাধ্যমে মাথাপিছু ৩ হাজার টাকা দেয়ার চুক্তিতে ভারতে অনুপ্রবেশ করে। কিন্তু ভারতে প্রবেশের পর তাদের টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় দালাল চক্রটি। এরপর তারা সীমান্তের কাছে একটি আমবাগানে লুকিয়ে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে তাদেরকে আটক করা হয়।

