কবি মোঃ সেলিম হোসেন
বনে বনে হাজার পাখি
মিষ্টি সুরে গায়,
কলকলিয়ে নদীর ধারা
ভাটির দিকে ধায়।
হিমেল হাওয়া শনশনিয়ে
ফসলে দেয় দুল,
গুনগুনিয়ে মৌমাছিরা
ঘিরে রাখে ফুল।
মাঠের চরায় গরু মহিষ
করে নানান রব,
মুগ্ধ হয়ে সারাবেলা
শুনি আমি সব।
দেখে শুনে সবার বুলি
প্রকাশ করতে যাই,
তখন বুঝি মায়ের ভাষার
তুলনা আর নাই।
মায়ের মুখের মিষ্টি ভাষায়
মনের কথা কই,
মায়ের ভাষায় কথা বলে
পরম সুখে রই।

