বিনোদন প্রতিবেক
বেশ কয়েক বছর ধরেই নায়ক সংকটে ভুগছেন ঢালিউড কুইনখ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। বিশেষ করে চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর অপুর বিপরীতে কাজ করার মতো মানানসই কোনো নায়ক পাওয়া মুশকিল হয়ে পড়ে। তার পরও নিরব, বাপ্পি, জয় ও সাইমন সাদিকের মকো জুনিয়র নায়কদের সঙ্গে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। তবে সেগুলোর একটাও আশার আলো জ্বালাতে পারেনি।
তবে ছবি হিট না হলেও চলতি বছরে নানা কারণে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন একসময়ের শীর্ষ চাহিদাসম্পন্ন এই নায়িকা। অপুর মতে, চলতি বছরটা ছিল তার জন্য চ্যালেঞ্জের। কারণ চলতি বছরেই তার প্রযোজক হিসেবে অভিষেক হয়। গত রোজার ঈদে মুক্তি পায় এই অভিনেত্রীর প্রথম প্রযোজনার সিনেমা ‘লাল শাড়ি’। বন্ধন বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটিতে অপু নিজেও অভিনয় করেন। তার বিপরীতে ছিলেন সাইমন সাদিক।
এ ছাড়া অপু বিশ্বাস অভিনীত বন্ধন বিশ্বাসের আরেক ছবি ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। চলতি বছর তিনি প্রথমবারের ওয়েবফিল্মেও অভিনয় করেছেন। সৈয়দ শাকিল পরিচালিত ‘ছায়াবাজি’ ওয়েব ফিল্মে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছেন।
কিন্তু অভিনয়ের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে যেমন আলোচনায় ছিলেন, তেমনি ফিতা কেটে অনেক শোরুম উদ্বোধন করে সমালোচনার জন্ম দিয়েছেন অপু। অনেকে তাকে ফিতা কাটা নায়িকা বলেও মন্তব্য করেন।
বলা চলে, অপু বিশ্বাসের চলতি বছর ভালো-খারাপ দুই অভিজ্ঞতার মধ্যেই কেটেছে। যার কারণে কখনো তিনি পেয়েছেন ভক্তদের ভালোবাসা, কখনো আবার নায়িকার কোনো কর্মকাণ্ড সৃষ্টি করেছে সমালোচনার। এ ছাড়া চিত্রনায়িকা শবনম বুবলীকে খোঁচা মেরে সারা বছরই সামাজিক যোগাযোগমাধ্যমে রং-বেরঙের স্ট্যাটাস দিয়ে হইচই ফেলে দেন এই অভিনেত্রী। বছর শেষে গান বাংলা চ্যানেলের কর্ণধার সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের সঙ্গে অভিনেত্রী বুবলীর ‘কথিত প্রেমের ঘটনা’ নিয়ে অনেকটাই বেকায়দায় পড়ে যান অপু বিশ্বাস। তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নীর সঙ্গে পাল্টাপাল্টি অভিযোগের ভিত্তিতে ডিবি কার্যালয়ে যেতে হয় অপুকে। শেষমেশ ডিবি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকের সামনে নিজের ভুল স্বীকার করেন অপু বিশ্বাস।

