জামালপুর প্রতিনিধিঃ-
জামালপুর- ৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের প্রচার কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। এ সময় এক সমর্থকের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার বাঁশচড়া ইউনিয়নের কাশারুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আলম হোসেন স্বতন্ত্র প্রার্থীর কাশারুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির যুগ্ম-আহ্বায়ক।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, রাতে স্বতন্ত্র প্রার্থীর প্রচার কেন্দ্রে নির্বাচনী গান বাজাচ্ছিলেন কর্মীরা। হঠাৎ করে কিছু নৌকা প্রতীকের কর্মী-সমর্থক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর শুরু করেন। পরে এক পাশে আগুন লাগিয়ে দেন। আলম হোসেনের ভাতিজী রাখি কেন্দ্র ভাঙচুরের ঘটনা মোবাইলে ভিডিও ধারণ করতে গেলে তার হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। এ সময় বাঁশচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল উপস্থিত ছিলেন।

