বাপ্পী দাস: ২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার ময়মনসিংহ সদরের বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর স্কুল পড়–য়া মেধাবী ছাত্র রাকিবুল হাসানের খুনীদের বিচারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৩ ফেব্রুয়ারী মঙ্গলবার ময়মনসিংহ সদরের ৯ নং খাগডহর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের জয় বাংলা বাজারের বাহাদুরপুরে দুপুর ১২ টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ১৮ ফেব্রুয়ারী বিকাল ৫টায় খাগডহর ঘুন্টি এলাকার ২ কিশোর গ্যাং লিডার মো: জামিল (১৬) এবং সামি (১৭) মেধাবী ছাত্র রাকিবুল হাসানকে জয়বাংলা বাজার থেকে ডেকে নেয়। রাকিবের হাতে থাকা মোবাইল ছিনতাইয়ের উদ্দেশ্যে জামিল এবং সামি সুতিয়া নদীর পাড়ে রেলওয়ে ব্রীজের নিকটে রাকিবকে ছুরিকাঘাত করে হত্যা করে।
ছুরিকাঘাতে হত্যা নিশ্চিত করে পালিয়ে গেলেও কোতোয়ালী থানার এসআই মেহেদী হাসান মোবাইল ট্র্যাক করে ২ খুনিকে গ্রেফতার করতে সক্ষম হয়। কোতোয়ালী থানায় তাদের ২জনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা খুনের সত্যতা স্বীকার করে।
উল্লেখ্য জামিলের নানা নূরুল ইসলাম ঐ এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলায় জেল খেটে এসে আবার ঐ এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রন করছে। গত দেড় মাসের মধ্যে এই এলাকায় ৩টি খুন সংগঠিত হয়েছে। এরমধ্যে রিক্সাচালক মো: লাল মিয়া এবং রাকিবুল হাসানের হত্যাকারী গ্রেফতার হলেও অপর খুনটির ২জন হত্যাকারী এখনো গ্রেফতার হয়নি।
৭ম শ্রেণীর মেধাবী ছাত্র রাকিবুল হাসানের খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধনে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষন করা হয়। এছাড়াও আইনশৃঙ্খলার অবনতির কারণে পুলিশ সুপারের নিকট খাগডহর থেকে জয়বাংলা বাজার ও বেগুনবাড়ী বাজারে আইনশৃঙ্খলা বাহিনী টহলের ব্যবস্থা এবং মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করার জন্য এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশ সুপারের নিকট দাবী জানানো হয়।
এসআই মেহেদী হাসান জানান, রাকিবুল হাসানের পিতা ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার মামলা নং- ৩০২/৩৪। আসামীদের গ্রেফতার করে গাজীপুর সংশোধনী শিশু কারাগারে পাঠানো হয়েছে।

